প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে একই ইস্যুতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা সালমান খান।
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলমান আন্দোলন নিয়ে বলিউডের অনেক তারকার নীরবতা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেন আলিয়া।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিক্ষার্থীদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘গত কয়েকটা দিন আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার নতুন আশায় ভরে উঠেছে। যে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছে, তাদের প্রত্যেকের পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের নয়, তাদেরও প্রতিনিধিত্ব করছে, যারা তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের পথকে মসৃণ করছে।’
তিনি আরও লেখেন, ‘তাদের সাহস আমাকে অভিভূত করে। তাদের সংকল্প আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরে—আমরা কি সত্যিই সেই তরুণ প্রজন্মের কথা শুনছি, যারা আগামী দিনের দেশ গড়ে তুলবে? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই। জয় হিন্দ।’
এদিকে আন্দোলন তীব্র হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’




Comments