ভারতের চলমান আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায়, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ভারতের রাজধানী দিল্লি থেকে বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়া এবং একই সময়ে মিয়ানমার ও পাকিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্র হিসেবে জনগণের উদ্বেগ ও অবস্থান বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে যাবে।”
ভারতে মেডিকেল ভর্তি ও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত ২০ জুন থেকে আন্দোলন শুরু হয়। পরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে তা আরও বিস্তৃত আকার নেয়। আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছেন।
আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের অভিযোগের পর বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করেন। অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে দিল্লির বাইরে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতাসহ ভারতের বিভিন্ন বড় শহরেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেসও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।




Comments