পাকিস্তানি অভিনেতা ফাহাদ মুস্তাফাকে ঘিরে ফের জোরালো হয়ে উঠেছে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সম্প্রতি অভিনেতার নিজের দেওয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিষয়টি নতুন করে অনুরাগী ও নেটিজেনদের নজর কেড়েছে। পাকিস্তানি জনপ্রিয় নাটক 'কাভি মে কাভি তুম'খ্যাত এই অভিনেতা ইনস্টাগ্রামে একগুচ্ছ বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ছবি প্রকাশ করেছেন।
আসন্ন চলচ্চিত্র 'আগ লাগে বাসতি মে'-এর শুটিং শুরুর এক বছর পূর্তি উপলক্ষে পোস্টটি করেন তিনি, যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী মাহিরা খানকে। তবে একাধিক নেপথ্যের ছবির মাঝে প্রযোজক হিনা আমানের উপস্থিতিও দেখা গেছে, যাকে কিছুদিন ধরে ফাহাদের গুঞ্জন ছড়ানো দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হচ্ছে।
বিতর্কের আগ আগুনে ঘি ঢেলেছে ফাহাদ মুস্তাফার নেওয়া একটি পদক্ষেপ। ছবিগুলো শেয়ারের পরই তিনি নিজের ওই পোস্টের কমেন্ট সেকশন সম্পূর্ণ বন্ধ করে দেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনুরাগীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন তবে কি হিনা আমানের উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হতে যাওয়া গণআলোচনা এড়াতেই মন্তব্য করার সুযোগ বন্ধ করলেন এই অভিনেতা?
প্রযোজক হিনা আমানের সঙ্গে ফাহাদ মুস্তাফার গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার গুঞ্জন নতুন নয়; বিগত প্রায় এক বছর ধরে তাদের বিয়ের আলোচনা বাতাসে ভাসছে। যদিও এই গুঞ্জন নিয়ে ফাহাদ মুস্তাফা কিংবা হিনা আমান দুই পক্ষের কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি বা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
উল্লেখ্য, বাস্তব জীবনে ফাহাদ মুস্তাফা ইতোমধ্যেই বিবাহিত। তার স্ত্রীর নাম সানা ফাহাদ। এই দম্পতির ঘরে ফাতিমা ও মুসা নামে দুই সন্তান রয়েছে। তবে এই গুঞ্জনের পেছনে পুরনো একটি খবরের যোগসূত্র টেনে আনছেন ভক্তরা।
এমআর




Comments