Image description

মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার নতুন এক রূপে হাজির হয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে দেখা গেছে তাকে।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি পান চমক। এরপর ২০২০ সালের দিকে ছোটপর্দায় অভিনয় শুরু করেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ব্লগিং করেন চমক। সম্প্রতি তার ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ হয়েছে। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বেই খালেদা জিয়ার সাজে ক্যামেরার সামনে হাজির হন তিনি।

ভিডিওটিতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থান ও স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। তার পোশাক, সাজ ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে মিল রয়েছে বলে মন্তব্য করেছেন দর্শকদের অনেকে।

ভিডিওটির ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তুলে ধরেছেন।

ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, সাজে তাকে দেখে মুহূর্তের জন্য খালেদা জিয়ার কথাই মনে হয়েছে।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন চমক। ওই সময় তিনি বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

এসএস