প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন ‘রিভেঞ্জ ড্রেস’ প্রায় ৩০ বছর পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। ঐতিহাসিক এই পোশাকটির দাম ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানির তৈরি কালো অফ-দ্য-শোল্ডার সিল্কের গাউনটি ১৯৯৪ সালে লন্ডনের একটি অনুষ্ঠানে পরেছিলেন ডায়ানা। ওই রাতেই তার সাবেক স্বামী ও তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন।
এরপর থেকেই ডায়ানার ওই পোশাকটি বিশ্বজুড়ে ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে পরিচিতি পায়। এটি ডায়ানার আত্মবিশ্বাস ও স্বাধীনচেতা মানসিকতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে।
আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি তোলা হবে। প্রিন্সেস ডায়ানাকে নিয়ে আয়োজিত এই নিলামে পোশাকটি অন্যতম প্রধান আকর্ষণ হবে।
সোথবির ভাষ্য, গাউনটি বিংশ শতাব্দীর অন্যতম স্মরণীয় ফ্যাশন মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ শুরুর আগেই ডায়ানার ওই পোশাক পরা ছবি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
নিউইয়র্কের নিলামের আগে গাউনটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
এসএস




Comments