পাবনার সদর উপজেলায় মাঠে জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে একজন পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য দুজনও পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসএস




Comments