Image description

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর বলেছেন, মানুষের তুলনায় পশুদের বিশ্বাস করা তার কাছে অনেক সহজ। খারাপ সময়ে পশু ও প্রকৃতির কাছ থেকে পাওয়া ভালোবাসাই তাকে কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে কথা বলতে গিয়ে মোনালি বলেন, ‘আমি এখন মানুষকে বিশ্বাস করতে পারি না। তাদের তুলনায় পশুদের বিশ্বাস করা আমার কাছে অনেক সহজ।’

তিনি বলেন, খারাপ সময়ে পশু ও প্রকৃতি থেকে যে ভালোবাসা পেয়েছেন, তার জোরেই নিজেকে সামলে নিয়ে টিকে আছেন।

মোনালি আরও বলেন, একই ধরনের ঘটনা বছরের পর বছর ধরে ঘটছে। এতে নতুনত্ব নেই। এ কারণেই এখন তার রিয়েলিটি শো ভালো লাগে না।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে এর আগে একাধিকবার আলোচনায় এসেছেন এই গায়িকা। গত বছর তার বিবাহবিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল। আবেগঘন এক পোস্টে দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক হেনস্থার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে পরে এ বিষয়ে আর প্রকাশ্যে কথা বলেননি।

গানের পাশাপাশি পোশাকের ব্যবসাও শুরু করেছেন মোনালি। তার ‘ঠাকুরাইন’ নামে পোশাকের সংগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। শাড়ির প্রতি ভালোবাসা থেকেই এ উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

মোনালির ভাষ্য, ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। দেশটির শিল্পীরা শাড়িতে নানা নকশা ফুটিয়ে তোলেন। সেই ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও জানান, ব্যবসাটি তার শখ ও ভালোবাসা থেকে শুরু করা; এটি তার আয়ের প্রধান উৎস নয়। বিদেশে ভারতীয় পণ্যের ব্যাপক কদর দেখেছেন বলেও জানান এই গায়িকা।

এসএস