Image description

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম, কক্ষের আসবাবসহ বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। এ সময় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়।

তবে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার জানান, ইসিবি চত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস