Image description

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরান ও কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করেছে চীন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এ অবস্থান তুলে ধরেন।

ভাষণে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করে হান ঝেং পারস্য উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে কিউবার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নিতে সংশ্লিষ্ট দেশের প্রতি আহ্বান জানান তিনি।

হান ঝেং বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে। তাদের আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে চলার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া উচিত। চীন মনে করে, ছোট-বড় সব দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য এবং বিশ্বের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

ইরানকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে মতপার্থক্যও প্রকাশ্যে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে ইরানকে কোনো ধরনের সহায়তা না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে জানান যুক্তরাষ্ট্রের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত।

ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করার অভিযোগ নিয়ে চীনের ওপর চাপ রয়েছে। বিশেষ করে ইরানকে আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র দেওয়ার এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে সহায়তার অভিযোগ উঠেছে বেইজিংয়ের বিরুদ্ধে।

কিউবা প্রসঙ্গেও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেছে চীন। হান ঝেং বলেন, কিউবার বিরুদ্ধে হুমকি বন্ধ করার পাশাপাশি দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া উচিত।

চীনের পর জাতিসংঘের একই অধিবেশনে কিউবার ওপর থেকে অবরোধ ও বাণিজ্যিক বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও। তিনি কিউবাকে সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

এসএস