Image description

পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসমাবেশ ও লংমার্চকে ঘিরে ইমরান খানের স্বজন ও দলীয় নেতাকর্মীদের আটকের সমালোচনা করেছেন তার বড় ছেলে সুলেমান খান।

লন্ডনে অবস্থানরত ২৯ বছর বয়সী সুলেমান সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গভীর রাতে কোনো কারণ ছাড়াই পরিবারের নারী সদস্যদের আটক করা অত্যন্ত লজ্জাজনক। তার ভাষ্য, পাকিস্তানে ভিন্নমত দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি লাহোরে ইমরান খানের তিন বোন—আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিসহ কয়েকজন আত্মীয় এবং পিটিআইয়ের শত শত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে পিটিআই।

দলটির নেতারা জানিয়েছেন, বিক্ষোভ কয়েক দিন ধরে চলতে পারে। অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, লংমার্চ ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে কনটেইনার বসানো হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য সহিংসতা ও হতাহতের আশঙ্কায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ইমরান খানের কারাগারে থাকা অবস্থার সমালোচনা করে সুলেমান বলেন, তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা অমানবিক ও অবৈধ। তিনি আন্তর্জাতিক মহলকে বিষয়টি নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাকিস্তানের রাজনীতিকদের সঙ্গে কথা বলার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের আরেক ছেলে কাশিম খানও পরিবারের সদস্যদের আটকের সমালোচনা করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের গ্রেপ্তার বা সহিংসতার হুমকি দিয়ে ২৫ কোটি মানুষের একটি দেশকে স্তব্ধ করা যাবে না।

এদিকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, ধরপাকড় ও মৌলিক অধিকার সীমিত করার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাবু রাম পান্ত বলেন, ইমরান খানের পরিবার ও পিটিআই কর্মীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ তাদের স্বাধীনতা, মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের লঙ্ঘন।

এসএস