অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা হঠাৎ বধূর সাজে নিজের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি বিয়ে করেছেন এই অভিনেত্রী?
প্রকাশিত ছবিতে লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি ও হাতে শাঁখা-পলা পরে সনাতন ধর্মীয় রীতিতে বধূর সাজে দেখা গেছে প্রভাকে। বাড়ির উঠানে সাজানো বিয়ের মঞ্চে বসে রয়েছেন তিনি। মঞ্চের ওপর রঙিন কাগজের সাজসজ্জা, কলাগাছ ও বিয়ের আনুষ্ঠানিকতার বিভিন্ন উপকরণও দেখা গেছে।
তবে বিয়ের ছবি প্রকাশের রহস্য নিজেই কিছুটা খোলাসা করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
প্রভার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, কোনো নাটক বা সিনেমার চরিত্রের প্রয়োজনে বধূর সাজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে কোন কাজের জন্য এই সাজ, তা এখনো প্রকাশ করেননি অভিনেত্রী।
অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘দেনা পাওনা’র বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সরকারি অনুদানের সিনেমায়ও অভিনয় করছেন তিনি।
প্রভার বধূর সাজে প্রকাশিত ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও এটি বাস্তব বিয়ের ছবি, এমন কোনো তথ্য তিনি জানাননি।
এসএস




Comments