Image description

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১০টি স্থানীয় সরকার এলাকায় এ পর্যন্ত ৪৬৯টি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগী শনাক্তকরণ, টিকাদান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের রাজধানী জোসে এক সংবাদ সম্মেলনে প্লেটো রাজ্যের স্বাস্থ্য কমিশনার ড. নিকোলাস বামলং এসব তথ্য জানান।

তিনি বলেন, বছরের শুরুতে বিচ্ছিন্নভাবে সন্দেহভাজন রোগী শনাক্ত হলেও আগস্ট থেকে পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এখন পর্যন্ত শনাক্ত ৪৬৯টি সন্দেহভাজন ঘটনার মধ্যে তিনটি পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহভাজন ঘটনা শনাক্ত হয়েছে জোস নর্থ এলাকায়, ৩৭০টি। এ ছাড়া ওয়াসেতে ২৯টি, জোস সাউথে ২২টি, বারকিন লাডি ও মাঙ্গুতে ১৬টি করে এবং প্যাঙ্কশিনে পাঁচটি ঘটনা শনাক্ত হয়েছে।

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ রোগী শনাক্তকরণ, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসন্ধান, জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদার করেছে। এরই মধ্যে এক লাখ ৬০ হাজারের বেশি শিশুকে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা দেওয়া হয়েছে।

ডিপথেরিয়া একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি মূলত শ্বাসতন্ত্রে আক্রান্ত করে এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টসহ প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

এসএস