অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে করা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)–এর তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তার সাবেক চালকের মাধ্যমে এক ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।
তবে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের পক্ষে বাদী কোনো দালিলিক প্রমাণ দিতে পারেননি। তদন্তে তিশার বক্তব্যও নেওয়া হয়। তিনি জানান, তার সাবেক চালক শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যান। পরে তিনি ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান।
পিবিআই অভিযোগের পক্ষে অপরাধ প্রমাণিত হয়নি বলে মত দিলেও ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদী আদালতে নারাজি আবেদন করেন। শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে দেন।
এসএস




Comments