ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যেই আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সংগঠকেরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নাগরিক অধিকার ও সরকারি নীতির প্রতিবাদে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা।
শনিবার (২৪ অক্টোবর) প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে প্যারিসে ছিলেন প্রায় ১ লাখ ১০ হাজার। বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও প্যারিস, মার্সেই, নান্ত ও রেনসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
৩১ অক্টোবর পার্লামেন্ট ভবন ও বিভিন্ন শহরের মেয়র কার্যালয়ের সামনে সমাবেশ ও অবস্থানের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। তাদের দাবি, জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি বিক্ষোভের অধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়েও সরকারকে চাপের মুখে ফেলতে চান তারা।
এদিকে, শ্রমিক সংগঠনগুলোর একাংশ আগামী ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত ফ্রান্সে ধারাবাহিক বিক্ষোভ ও ধর্মঘটের পরিস্থিতি তৈরি হতে পারে।
২৪ অক্টোবরের কর্মসূচিকে ঘিরে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ওই দিনের ঘটনায় ১ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ৩১ অক্টোবরের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নজরে রয়েছে।
এসএস




Comments