নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তারাবা অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (২৪ অক্টোবর) সকালের মধ্যে তারাবা অঙ্গরাজ্যের কারিম-লামিডো লোকাল গভর্নমেন্ট এলাকার বিনারি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও, তারাবা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ২৫ জন বলে দাবি করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও সৌদি গেজেট জানায়, ভারী অস্ত্রে সজ্জিত একদল বন্দুকধারী হঠাৎ বিনারি গ্রামে প্রবেশ করে সাধারণ বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি হামলাকারীরা স্থানীয়দের খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। প্রস্থান করার পূর্বে তারা গ্রামের একাধিক বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর প্রাণভয়ে বেঁচে যাওয়া বাসিন্দারা পার্শ্ববর্তী নিরাপদ এলাকাগুলোতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যার ফলে পুরো তারাবা অঙ্গরাজ্যজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তারাবা অঙ্গরাজ্যের গভর্নর আগবু কেফাস এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্থানীয়দের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে এই মানবিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে কোনো ধরনের নোংরা রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি না করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে গভর্নর কার্যালয়।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলার পেছনে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সহিংসতার ঝুঁকিতে থাকা গ্রামগুলোর সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। নাইজেরিয়ার উত্তর ও মধ্যপশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র ডাকাত গোষ্ঠী ও সন্ত্রাসী সংগঠনগুলোর এমন নিয়মিত হামলা ও অপহরণ দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে চরম হুমকির মুখে ফেলেছে।
ডিআর




Comments