Image description

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সহযোগিতায় তাঁদের নিরাপদ প্রত্যাবর্তন ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রীর নির্দেশনায় তাঁদের দেশে ফেরার প্রক্রিয়া ও প্রয়োজনীয় সহায়তায় সমন্বয় করা হয়।

এ সময় মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী ওমরাহযাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে তাঁদের দুই দিনের খাবার ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর তাঁদের আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিজ গন্তব্যে পৌঁছাতে যানবাহনের ব্যবস্থাও করা হয়।

দেশে ফিরে ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাঁদের খোঁজখবর নিয়েছেন। তাঁদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, লাগেজ না পাওয়ায় অনেক যাত্রী বিপাকে পড়েছিলেন। এ পরিস্থিতিতে ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁদের খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। দেশে ফেরার পর আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তাঁরা ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ওমরাহযাত্রীরা ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং আল্লাহর মেহমানদের সেবায় আরও বেশি কাজ করার তৌফিক প্রার্থনা করেন।

প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, সৌদি আরবের সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় বাংলাদেশি ওমরাহ কাফেলার কয়েকজন সদস্য আহত হন। তাঁদের মধ্যে সাতজন বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 এনএ