সঙ্গী নেই বলে রাতটা একঘেয়ে হতে হবে—এমন কোনো কথা নেই। বরং ব্যস্ত জীবনের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে রাতটাকে করে তোলা যায় বেশ উপভোগ্য। পছন্দের খাবার, প্রিয় বই পড়া, গান গাওয়া, কবিতা পাঠ কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা—সব মিলিয়ে সিঙ্গেল দিবসের রাত হতে পারে নিজের মতো করে কাটানোর একটি সুন্দর উপলক্ষ।
ব্যাচেলর জীবনে অনেক সময় কাজ, পড়াশোনা কিংবা নানা ব্যস্ততায় নিজের জন্য সময় বের করা হয়ে ওঠে না। তাই আজকের রাতটিকে অন্যরকমভাবে কাটানোর কিছু সহজ আয়োজন থাকতে পারে।
পছন্দের খাবার দিয়ে শুরু
দিন শেষে ভালো লাগার খাবার দিয়ে রাতের শুরুটা করা যেতে পারে। খুব আয়োজন করে রান্না করতে হবে এমন নয়। নিজের পছন্দের কোনো খাবার অর্ডার করা কিংবা ঘরে সহজ কিছু তৈরি করেও রাতটাকে উপভোগ করা যায়।
তবে শুধু স্বাদের জন্য অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত রাখাই ভালো।
পছন্দের বই নিয়ে বসুন
অনেক দিন ধরে পড়ব বলে রেখে দেওয়া বইটি আজ হাতে নিতে পারেন। গল্প, উপন্যাস, ভ্রমণ কিংবা আত্মউন্নয়ন—পছন্দের বই নিয়ে নিরিবিলি কিছু সময় কাটাতে পারেন।
পছন্দের কোনো শখে সময় দিন
ছবি আঁকা, ফটোগ্রাফি, রান্না, লেখালেখি কিংবা নতুন কিছু শেখা—যে কাজটি করতে ভালো লাগে, সেটিতে কিছুটা সময় দিতে পারেন। ব্যস্ততার কারণে হারিয়ে যাওয়া কোনো শখকে আবার ফিরিয়ে আনার জন্যও আজকের রাতটি হতে পারে দারুণ সুযোগ।
বন্ধুদের সঙ্গে আড্ডা
সিঙ্গেল মানেই একা থাকতে হবে—এমন নয়। কাছের বন্ধুদের সঙ্গে দেখা করা কিংবা ফোনে দীর্ঘ আড্ডাও হতে পারে রাতের অন্যতম আনন্দ।
চা-কফির আড্ডা, পুরোনো গল্প কিংবা হাসি-ঠাট্টায় কয়েক ঘণ্টা কখন যে কেটে যাবে, টেরই পাওয়া যাবে না।
নিজের ঘরটা একটু গুছিয়ে নিন
শুনতে খুব সাধারণ মনে হলেও নিজের থাকার জায়গাটি গোছানো বেশ স্বস্তিদায়ক হতে পারে। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে, বই-খাতা গুছিয়ে কিংবা ঘরের ছোটখাটো পরিবর্তন করে রাতটি কাজে লাগানো যায়।
পরিপাটি একটি ঘর পরের দিনের শুরুটাও সুন্দর করে দিতে পারে।
আগামী দিনের পরিকল্পনা করুন
রাতের নিরিবিলি সময়টি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্যও কাজে লাগানো যায়। আগামী সপ্তাহে কী করবেন, কোন কাজগুলো শেষ করতে হবে, কোথায় যেতে চান কিংবা কোন অভ্যাসটি বদলাতে চান—এসব লিখে রাখতে পারেন।
ছোট ছোট লক্ষ্য ঠিক করলেও পরের দিনগুলো আরও গোছানোভাবে শুরু করা সম্ভব।
নিজের যত্নে কিছুটা সময়
সারাদিন কাজের মধ্যে থাকলে নিজের যত্ন নেওয়ার সময় পাওয়া যায় না। তাই গোসল, ত্বকের যত্ন, চুলের যত্ন কিংবা আরাম করে কিছুক্ষণ বিশ্রাম—এসবও রাতের আয়োজনের অংশ হতে পারে।
নিজেকে সময় দেওয়ার জন্য বিশেষ কোনো উপলক্ষেরও প্রয়োজন নেই।
ছাদে বা বারান্দায় কিছুটা সময়
যাদের সুযোগ আছে, তারা রাতের কিছুটা সময় ছাদ কিংবা বারান্দায় কাটাতে পারেন। খোলা আকাশের নিচে বসে হালকা বাতাস উপভোগ করা কিংবা চুপচাপ কিছু সময় কাটানো মনকে বেশ প্রশান্ত করতে পারে।
মোবাইলটি কিছুক্ষণের জন্য দূরে রেখে চারপাশের পরিবেশ উপভোগ করাও হতে পারে ভালো একটি পরিবর্তন।
রাত জাগা নয়, সুন্দর ঘুম
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—দিবসটি উদ্যাপন করতে গিয়ে রাতভর জেগে থাকার প্রয়োজন নেই। পরদিনের কাজের কথা মাথায় রেখে সময়মতো ঘুমিয়ে পড়াই ভালো।
সিঙ্গেল দিবসের রাতের আসল সৌন্দর্য হতে পারে নিজের জন্য একটু সময় বের করা। কারও সঙ্গে সম্পর্ক আছে কি নেই, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সময়টাকে কীভাবে সুন্দরভাবে ব্যবহার করছেন। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা না করে, নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী রাতটিকে উপভোগ করাই হতে পারে সবচেয়ে সুন্দর আয়োজন।
এনএ




Comments