বগুড়ার মোকামতলায় মাদক সেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার শংকরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোকামতলার শংকরপুর প্রধানপাড়া গ্রামের শহিদুলের ছেলে শাওন মিয়া(২৮), চাকলমা গ্রামের আইনুল ইসলামের ছেলে নাহিদ হাসান(২৮), শংকরপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে সোহান মিয়া(২৫) ও রাজন মিয়া(২১)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শংকরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পরে তাদের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।’’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘‘আটক ব্যক্তিরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।’’
ডিআর




Comments