দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ১ হাজার ৯৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের প্রাণহানি হয়েছে। তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে মোট যে ৯৯৪ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। বাকি ৮৯৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
সংক্রমণের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে আরও ১ হাজার ৪৩ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। অর্থাৎ গত একদিনে মোট শনাক্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ হাজার ৬৯৬ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনের শরীরে।
হাসপাতালে ভর্তির তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন। সংশ্লিষ্টরা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং হামের বিস্তার রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
ডিআর




Comments