যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের আক্রমণাত্মক ধাপ শেষ হয়েছে। এর মধ্যেই দেশটিতে জ্বালানির দাম বেড়ে চলেছে। মঙ্গলবার (৬ মে) , যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম পৌঁছেছে ৪.৪৮৩ ডলারে (প্রায় ৩.৩১ পাউন্ড)।
গাড়িনির্ভর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে দাম আরও বেশি। যেমন ক্যালিফোর্নিয়ায় প্রতি গ্যালন ৬.১৩১ ডলার এবং ওয়াশিংটনে ৫.৭০৫ ডলার। পশ্চিম উপকূলের এসব অঙ্গরাজ্যে বড় বন্দর রয়েছে, যেখান থেকে পণ্য ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ফলে পরিবহণ ব্যয় বাড়লে তার প্রভাব ভোক্তাদের ওপরও পড়তে পারে।
অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে দাম তুলনামূলক কম। টেক্সাসে প্রতি গ্যালন ৩.৯৮১ ডলার এবং লুইজিয়ানায় ৩.৯২৩ ডলার। এসব এলাকায় তেল শোধনাগার বেশি থাকায় দাম কম থাকে। একই প্রবণতা দেখা যায় মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতেও।
এদিকে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম শুরু হতে যাচ্ছে, যখন দীর্ঘ দিন ও উষ্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে অনেকেই সড়ক ভ্রমণে বের হন। সাধারণত এই সময় জ্বালানির দাম আরও বাড়ে, যা যুদ্ধের কারণে আগেই চাপে থাকা মানুষের খরচ আরও বাড়াতে পারে।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। তবে এখনও এটি ২০২২ সালের জুনে রেকর্ড করা সর্বোচ্চ গড় মূল্য—প্রতি গ্যালন ৫.০১৬ ডলারের নিচেই রয়েছে।
সূত্র: বিবিসি




Comments