কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। এ সময় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলটির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে হোটেলটির পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। নিরাপদে সরিয়ে নেওয়া হয় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটককে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসএ




Comments