যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের জেরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন। এই আকস্মিক ও নৃশংস ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে একটি বাড়ি থেকে গুলির শব্দ শুনে স্থানীয়রা জরুরি সহায়তা নম্বরে ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যান।
পরবর্তীতে তদন্তের সূত্র ধরে শহরের আরও দুটি স্থানে অভিযান চালিয়ে আরও দুই পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। যার মধ্যে একজনকে একটি বাড়িতে এবং অন্যজনকে নিকটবর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়জনে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই হামলাকারীর পরিবারের সদস্য। সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর তাকে ধরতে পুলিশ অভিযানে নামে। একপর্যায়ে মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথচারী সেতুর কাছে তাকে ঘিরে ফেলে পুলিশ। এসময় আত্মসমর্পণের বদলে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন রায়ান।
মাসকাটিন শহরের পুলিশ প্রধান এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করে বলেন, "এই নৃশংসতা পুরো সম্প্রদায়কে স্তব্ধ করে দিয়েছে। এমন ভয়াবহ ঘটনার বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"
তদন্তকারীরা জানিয়েছেন, হামলাকারী রায়ানের বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। তবে বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নিহতদের পরিচয় ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান পারিবারিক সহিংসতা ও আগ্নেয়াস্ত্রের অপব্যবহার নিয়ে এই ঘটনাটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র: রিপাবলিক
মানবকণ্ঠ/ডিআর




Comments