Image description

উত্তর নাইজারে সাহারা মরুভূমির এক দুর্গম এলাকায় যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে পানির পিপাসায় অন্তত ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালিতে পবিত্র ঈদুল আজহার একটি উৎসব শেষে ফেরার পথে চরম এই বিপর্যয়ের মুখে পড়েন তারা। শুক্রবার (৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, যাত্রীবাহী ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু মাঝপথে সেটি নির্ধারিত পথ হারিয়ে ফেলে এবং নাইজার-আলজেরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে বিকল হয়ে যায়। কয়েক দিন ধরে চেষ্টা করেও চালক ও যাত্রীরা ট্রাকটি মেরামত করতে পারেননি। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা খাওয়ার পানিও ফুরিয়ে যায়। প্রতিকূল পরিবেশ ও চরম তাপমাত্রায় পানিশূন্যতায় ভুগে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৯ জন।

আগাদেজ অঞ্চলের গভর্নরের এক বিবৃতিতে জানানো হয়, এই ভয়াবহ পরিস্থিতি থেকে মাত্র দুজন প্রাণে বেঁচে ফিরেছেন। তারা পায়ে হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে আসামাকায় পৌঁছান এবং স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকের নিচে ও চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাণহীন দেহগুলো উদ্ধার করে। সেখানেই গণকবর দিয়ে তাদের দাফন সম্পন্ন করা হয়।

অন্যদিকে, এই মৃতদেহগুলো দাফন করে ফেরার পথে আরও একটি বিকল ট্রাকের সন্ধান পায় উদ্ধারকারী দল। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় তিন দিন ধরে অন্তত ৬০ জন যাত্রী সেখানে আটকা পড়েছিলেন। উদ্ধারকারীরা দ্রুত তাদের পানিসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং গাড়িটি মেরামত করে দিলে তারা নিরাপদে পুনরায় যাত্রা শুরু করেন।

উল্লেখ্য, চরম বিপজ্জনক হওয়া সত্ত্বেও পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর আশায় অভিবাসীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নাইজারের এই মরুভূমির পথ ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন।

মানবকণ্ঠ/আরআই