Image description

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (১৭ জুলাই) টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। রয়টার্স ও আনাদোলু এজেন্সির খবরে এই চরম উত্তেজনার চিত্র ফুটে উঠেছে।

সমুদ্রপথে দুই দেশের সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকারে মার্কিন মেরিন সেনারা অভিযান চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালির দক্ষিণে মাইনযুক্ত এলাকা পার হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল দিয়ে কোনো রাসায়নিক সার, তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না। এমনকি এক ফোঁটা জ্বালানিও পার হতে দেবে না তেহরান। গত কয়েক ঘণ্টায় প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী চারটি ‘অনুপ্রবেশকারী’ জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা।

গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরান একে অপরের শক্তির পরীক্ষা নিচ্ছে, যা একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ‘ব্রেন্ট ক্রুড’ তেলের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টানা তিন সপ্তাহ ধরে তেলের দাম বাড়তে থাকায় আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কংগ্রেস নির্বাচনের আগে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৮ জুলাই) ভোরে হরমুজ প্রণালির উপকূলীয় প্রদেশ হরমুজগানে জোরালো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও আইআরজিসি-র সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই শুক্রবার এক কঠোর হুঁশিয়ারিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি আরও কয়েক দিন এই হামলা অব্যাহত রাখে, তবে ইরান আর রক্ষণাত্মক অবস্থানে থাকবে না; বরং পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে নামবে।”

মানবকণ্ঠ/ডিআর