ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ (Qdenga) টিকাটির বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এর মধ্য দিয়ে ভারতে ডেঙ্গু প্রতিরোধে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম টিকাটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে দেওয়া হবে। তবে টিকাটির মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। বিশ্বের মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ভারতে ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবচেয়ে ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ভারতে এই টিকার অনুমোদন ডেঙ্গু প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
সূত্র: দ্য হিন্দু।




Comments