Image description

ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লির জন্তরমন্তরে আয়োজিত সমাবেশে তিনি বলেন, অবিলম্বে শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না হলে আন্দোলনের পরবর্তী ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও তোলা হবে।

অভিজিৎ দীপকের ভাষ্য, একজন অযোগ্য মন্ত্রীকে রক্ষা করতে গিয়ে সরকার কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি দাবি করেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জনগণ প্রধানমন্ত্রী মোদিকে ভোট দেবে না।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, আন্দোলন ঠেকাতে ব্যারিকেড ও জ্যামার বসাতে যে পরিমাণ শক্তি ও সম্পদ ব্যয় করা হয়েছে, তা প্রশ্নফাঁস রোধে ব্যবহার করা হলে অনেক শিক্ষার্থীর জীবন রক্ষা করা সম্ভব হতো। আন্দোলন শুরুর এতদিন পর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া এবং শিক্ষামন্ত্রীকে বহাল রাখাকে তিনি ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা জানিয়েছেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তারা মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আলোচনা হতে হবে জন্তরমন্তর অথবা কোনো নিরপেক্ষ স্থানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।