ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম আলোচিত মুখ ও জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পদত্যাগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের পরিচিতি বা ‘বায়ো’ পরিবর্তন করেছেন পুনাওয়ালা। তিনি তার বায়ো থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ কথাটি সরিয়ে ফেলেছেন। তবে নিজেকে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ হিসেবে এখনও পরিচয় দিচ্ছেন। হালনাগাদ করা বায়োতে তিনি লিখেছেন— ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়; এবং তিনি নিজেকে ‘জিএসটি কি যাত্রা’ বইয়ের লেখক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ অনুসারী হিসেবে উল্লেখ করেছেন।
পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তবে ২০১৭ সালে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন যখন তিনি প্রকাশ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন। তার অভিযোগ ছিল, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে বসানোর জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে। এই ঘটনার পর তিনি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই দলটির জাতীয় মুখপাত্র হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন।
সম্প্রতি শেহজাদ পুনাওয়ালা একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া নিজের পুরনো সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করেন, যেখানে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে শুক্রবার সেই ঘোষণারই প্রতিফলন ঘটল।
উল্লেখ্য, শেহজাদ পুনাওয়ালা সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তাহসিন পুনাওয়ালার ছোট ভাই। শেহজাদ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্য আদর্শিক লড়াই শুরু হয়। তাহসিন পুনাওয়ালা কংগ্রেস সমর্থক এবং মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রায়ই বিভিন্ন টেলিভিশন বিতর্কে দুই ভাইকে বিপরীত মেরুতে অবস্থান করে একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্যবিনিময় ও রাজনৈতিক কটাক্ষ করতে দেখা যেত।
মানবকণ্ঠ/ডিআর




Comments