টাইফুন ‘ডলফিন’র প্রভাবে উষ্ণ বাতাস প্রবাহিত হওয়ায় হংকংয়ে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। রোববার শহরটির তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৮৮৪ সালে তাপমাত্রা রেকর্ড রাখা শুরুর পর হংকংয়ের সর্বোচ্চ।
হংকং অবজারভেটরি জানিয়েছে, রোববার (৯ আগস্ট) বিকেলে তাদের প্রধান কার্যালয়ে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ২০১৭ সালের ২২ আগস্ট সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছিল।
টাইফুন ‘ডলফিন’র প্রভাবে সপ্তাহান্তে হংকং ও আশপাশের এলাকায় তীব্র গরম অনুভূত হয়। একই সময়ে চীনের পূর্ব উপকূলে ব্যাপক ফ্লাইট বাতিল করা হয় এবং নিরাপত্তার কারণে বিপুলসংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয়। পরে রোববার সন্ধ্যায় চীনের মূল ভূখণ্ডে আঘাত হানে টাইফুনটি।
তবে হংকংয়ের কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। উত্তরাঞ্চলের শুং শুই এলাকার একটি আবহাওয়া কেন্দ্রে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৮০-এর দশকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন চালুর পর সেখানে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
হংকং অবজারভেটরি জানিয়েছে, টাইফুন ডলফিন ঝেজিয়াংয়ের দিকে এগিয়ে স্থলভাগে প্রবেশ করায় এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত হংকংয়ে প্রচণ্ড গরম থাকতে পারে।
তীব্র গরমের কারণে রোববার হংকং কর্তৃপক্ষ ‘অতি গরম আবহাওয়া সতর্কতা’ জারি করে। নাগরিকদের পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি অতিরিক্ত পরিশ্রম ও শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএস




Comments