Image description

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল (সুড়ঙ্গ) থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির নুওয়াকোট জেলার 'ত্রিশূলী ৩এ' জলবিদ্যুৎ প্রকল্পের ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ থেকে তাদের উদ্ধার করা হয়। তবে সেখানে এখনও বহু শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার অভিযানের বর্ণনায় জানা যায়, নিখোঁজ ৪২ শ্রমিকের সন্ধানে টানেল খনন করে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজনকে টেনে বের করে আনছেন। নিরাপদে বেরিয়ে আসার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।

নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানিয়েছেন, উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য দ্রুত ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের ত্রিশূলী নদীর তীরবর্তী বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে নেপালি শ্রমিকদের পাশাপাশি চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের নাগরিকরাও কর্মরত ছিলেন। প্রবল বন্যার কবলে পড়ে দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: সিএনএন।

ডিআর