বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো এবং নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন ভারত, রাশিয়া ও ইরানের নেতারা। সম্প্রতি ব্রিকস বিজনেস ফোরামের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বৈঠকে নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিরাপদ সমুদ্রপথ ও অবাধ জাহাজ চলাচলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমুদ্রপথ নিরাপদ রাখা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ব বাণিজ্যের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব অর্থনীতিতে নতুন শক্তির উত্থানের কথা বলেন। তার মতে, বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে এবং উদীয়মান অর্থনীতিগুলো ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি তুলে ধরেন। তিনি ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব জাতীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর আহ্বান জানান।
পেজেশকিয়ান আরও বলেন, ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে স্থানীয় মুদ্রায় সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এদিকে ব্রিকস দেশগুলো ডলারের বিকল্প খোঁজার চেষ্টা করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ব্রিকস বিজনেস ফোরামের বৈঠকে নেতাদের বক্তব্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর অবস্থানই স্পষ্ট হয়েছে।
বিশ্লেষকদের মতে, ব্রিকস সদস্যদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ সফল হলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের প্রভাব কিছুটা কমতে পারে। এতে বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে।
এসএস




Comments