Image description

ভারতের ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেওয়ার পর পদ্মা নদীতে দ্রুত পানি বাড়ছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত তিন দিনে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি প্রায় দুই মিটার বেড়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজশাহীতে পদ্মার পানি ১৭ দশমিক ২৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার।

ইতোমধ্যে রাজশাহীর মাঝচর, আষাড়িয়াদহ, খিদিপুরসহ বিভিন্ন চরাঞ্চলের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। পানি আরও বাড়লে চরাঞ্চলের বসতি, কৃষিজমি ও নদীতীরবর্তী মানুষের জীবনযাত্রা ব্যাহত হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর ফারাক্কায় গঙ্গার পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছায়। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার।

তার তথ্য অনুযায়ী, ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খোলা রয়েছে। ব্যারাজ দিয়ে প্রায় ১৬ লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ফারাক্কা দিয়ে বাড়তি পানি বাংলাদেশে প্রবেশ করায় পদ্মায় দ্রুত পানি বাড়ছে। বর্তমান হারে পানি বাড়তে থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চর ও বসতবাড়িতে পানি ঢোকার আশঙ্কা রয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, নদীর পানি ও পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চর এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএস