সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় ১ হাজার ৩০০ বছরেরও বেশি পুরোনো এক ঐতিহাসিক মসজিদের সন্ধান পাওয়া গেছে। প্রাচীন এই মসজিদটির কিবলা দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি নিবেদিত একটি বিশেষ দোয়া এবং ভেতরের ও বাইরের দেয়ালে বেশ কয়েকটি দুর্লভ ইসলামী শিলালিপির খোদাই দেখতে পান প্রত্নতাত্ত্বিকরা।
সম্প্রতি খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক সংস্থা 'সৌদি হেরিটেজ কমিশন'-এর প্রত্নতাত্ত্বিক খননকাজের চতুর্থ মৌসুমে এই অনন্য নিদর্শনটি উন্মোচিত হয়। এর মাধ্যমে ইসলামের প্রাথমিক যুগ ও তৎকালীন উন্নত স্থাপত্যশৈলী সম্পর্কে বিস্তারিত জানার নতুন পথ খুলে গেল।
মসজিদটির অবস্থান সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-বাহা অঞ্চলের আল-আকিক গভর্নরেটের ঐতিহাসিক আল-মামালাহ প্রত্নস্থলে। সৌদি হেরিটেজ কমিশন এই নবআবিষ্কৃত স্থানটির একটি বিশেষ ভিডিওচিত্র ইতিমধ্যেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, প্রাচীন মসজিদটি কাটা ও ঘষামাজা করা গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। স্থাপনাটির দক্ষিণ-পূর্ব অংশে একটি বর্গাকার মিনার ও সুনির্দিষ্ট মিহরাব রয়েছে। এমনকি ভেতরের দেয়ালে প্রাচীন জিপসাম প্লাস্টারের স্পষ্ট চিহ্নও এখনো বিদ্যমান। মূল প্রার্থনাকক্ষের কাঠামোর সঙ্গে আটটি সেবাকক্ষ যুক্ত রয়েছে এবং প্রাঙ্গণে প্রবেশের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে তিনটি পৃথক প্রবেশপথ রাখা হয়েছে।
গবেষণায় যুক্ত প্রত্নতাত্ত্বিক দলের এক সদস্য জানান, এই মসজিদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এর ভেতরের ও বাইরের দেয়ালজুড়ে থাকা শিলালিপি ও পবিত্র কোরআনের আয়াত। বিশেষ করে কিবলা দেয়ালে খোদাই করা অবস্থায় পাওয়া গেছে মহানবী (সা.)-এর উদ্দেশ্যে একটি প্রাচীন দোয়া। সেখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে— "আবদুল্লাহর পুত্র মুহাম্মদের ওপর নেককার ও মনোনীত ব্যক্তিদের পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আমিন। হে সত্যের উপাস্য, সমগ্র সৃষ্টির প্রতিপালক।"
উল্লেখ্য, এর আগে গত জুন মাসে সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-মাহদ গভর্নরেটে প্রত্নতাত্ত্বিকরা প্রায় ১ হাজার ৭৭৪টি গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন নথিভুক্ত করেন। ওই অভিযানে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি বিরল প্রস্তর শিলালিপির সন্ধানও মিলেছিল।
ডিআর




Comments