Image description

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আগামী কয়েক মাসে ‘একেবারে ভিন্ন এক পর্যায়ে’ প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর যুদ্ধের অবসান হবে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের সঙ্গে তিনি একমত বলে জানিয়েছেন।

সোমবার বিমানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্যান্স।

ভ্যান্স বলেন, মধ্যবর্তী নির্বাচনের সময়ের মধ্যে ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে’ বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী কয়েক মাসে পরিস্থিতি ‘একেবারেই ভিন্ন ধরনের’ হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

ভ্যান্স আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তাই কখন সংঘাত শুরু হবে এবং কখন তা শেষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার রয়েছে।

মার্কিন জনগণ কিছুটা অধৈর্য হয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। তবে তার দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করছে না।

ভ্যান্স বলেন, ইরানিরা মাঝে মাঝে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালাচ্ছে, যদিও সাধারণত তারা এতে সফল হচ্ছে না।

এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটবে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, বিবিসি বাংলা

এনএ