দিল্লিতে কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, কিন্তু কেন?
রাজনৈতিক সম্মেলন সাধারণত আনুষ্ঠানিকতা ও গুরুগম্ভীর আলোচনায় সীমাবদ্ধ থাকে। তবে ভারত সফরে এসে সেই পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নয়াদিল্লিতে এক নৈশভোজে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জনপ্রিয় গান গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলন উপলক্ষে আয়োজিত নৈশভোজে তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘তিন দেবিয়াঁ’ সিনেমার জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ পরিবেশন করেন।
শচীন দেব বর্মণের সুরে মাজরুহ সুলতানপুরীর লেখা গানটি আনোয়ার ইব্রাহিম গাওয়ার সময় তার সঙ্গে পিয়ানো বাজান একজন শিল্পী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মনোযোগ চলে যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিকে।
পরে নিজের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আনোয়ার ইব্রাহিম। ভিডিওটির সঙ্গে মালয় ভাষায় তিনি লেখেন, ‘গুরু, আমি কি একটু গাইতে পারি?’
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে তার গানের প্রশংসা করে মন্তব্য করেন।
একজন মন্তব্য করেন, ‘স্যার, আপনি সত্যিই খুব ভালো গেয়েছেন। আশা করি ভারতে আপনার সময়টা দারুণ কেটেছে।’
আরেকজন মন্তব্য করেন, ‘ইয়েমেন থেকে মালয়েশিয়া এই দেশটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। প্রতিটি স্মৃতি, প্রতিটি সুযোগ এবং প্রতিটি সুন্দর মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’
আরেক প্রবাসী ভারতীয় লেখেন, ‘বাহ, জানতাম না আনোয়ার সাহেব এত সুমধুর গান গাইতে পারেন। দারুণ লেগেছে।’
ভারতীয় গানের প্রতি অনুরাগ
ভারতীয় গান ও চলচ্চিত্রের প্রতি আনোয়ার ইব্রাহিমের অনুরাগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি ভারতীয় সিনেমা ও সংগীতের প্রতি নিজের আগ্রহের কথা বলে আসছেন।
এর আগে ভারত সফরের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়েও তিনি কিশোর কুমারের একই গানটি গেয়েছিলেন। ২০২৪ সালে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মুকেশের ‘দোস্ত দোস্ত না রাহা’ গানটিও পরিবেশন করেন তিনি।
হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা এম জি রামচন্দ্রন এবং পুরোনো তামিল চলচ্চিত্রের গান নিয়েও আনোয়ার ইব্রাহিমের আগ্রহ রয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উল্লেখ করেছিলেন।
ভারত সফরকালে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈশ্বিক অবস্থানেরও প্রশংসা করেন। সাংবাদিকদের তিনি বলেন, তার দেশের অসংখ্য মানুষ তাকে বার্তা পাঠিয়েছেন এবং ভারতীয় নেতার প্রতি তাদের শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন।
সূত্র: এনডিটিভি
এনএ




Comments