সোনারগাঁয়ে নিখোঁজের পর ডোবা থেকে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামের এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামির হোসেন নামের এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এরপর বুধবার সকালে স্থানীয় লোকজন জালালাবাদ ওষুধ কোম্পানির ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় একটি সন্দেহজনক বস্তা দেখতে পান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের “খ” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ওই ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে।
ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”




Comments