সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। এ বিষয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের আইন বা শৃঙ্খলাবিরোধী কোনো পোস্ট বা ভিডিও ফেসবুক, ইউটিউব কিংবা এক্সে প্রকাশ করা যাবে না। এমনকি এ ধরনের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।
এ ছাড়া কোনো কাগজপত্র ভালোভাবে না পড়ে তাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নিজের ইকামা ব্যবহার করে অন্য কারও নামে সিমকার্ড, গাড়ি বা অন্য কোনো সামগ্রী কেনা থেকে বিরত থাকতে হবে। এক মালিকের অধীনে বা নির্দিষ্ট স্থানের ইকামা নিয়ে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।
প্রবাসীদের পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন না করার পাশাপাশি চাকরির মিথ্যা প্রলোভন থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের প্রচলিত আইন মেনে চললে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন নিরাপদ হবে। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাঁরা ভূমিকা রাখতে পারবেন।
এসএস




Comments