পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় বটগাছের নিচে বস্তায় লুকিয়ে রাখা ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ওসি বলেন, হাদল ইউনিয়নের প্রত্যন্ত বিল অধ্যুষিত এলাকায় সর্বহারা-নকশালপন্থি একটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার তথ্য ছিল পুলিশের কাছে। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টার দিকে কুচলিয়া গ্রামের একটি বড় বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তা থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, একটি চাপাতি, একটি বাট, একটি ছুরি ও বিভিন্ন আকারের তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রত্যন্ত ও বিল অধ্যুষিত হওয়ায় ওই এলাকায় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে খাল-বিল ও জলাশয় দখল, ভূমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওসি মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, হাদল এলাকায় এর আগেও একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ছাড়া সেখানে হত্যা ও গুমের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ফরিদপুর থানায় অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে একটি নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, আশরাফুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএস




Comments