ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতির পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং এ বিষয়ে ঢাকার বর্তমান কূটনৈতিক অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকা থেকে জরুরি সফরে নয়াদিল্লি পৌঁছান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার দুপুরে মোদির সঙ্গে সাক্ষাতের আগে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গেও এক রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে এই বৈঠকের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
একই দিন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও পৃথক এক বৈঠকে মিলিত হন দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরালো করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে দেওয়া এক বার্তায় প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের এসব ধারাবাহিক বৈঠক শেষে আগামী বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদীর পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
ডিআর




Comments