Image description

ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনে এক দুর্ঘটনায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) ভারতের মথুরা জেলা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভয়াবহ এই ট্র্যাজেডির বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটে বৃন্দাবনের চৈতন্য বিহার এলাকার ‘বৃন্দাবন গুরুকুলম’ নামে একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের একটি রিজার্ভ পানির ট্যাংক থেকে কয়েক দিন ধরে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। দুর্গন্ধের উৎস সন্ধান ও ট্যাংকটি পরিষ্কার করতে সকালে শিক্ষার্থীরা ভেতরে নামে। প্রথম শিক্ষার্থীটি ভেতরে ঢুকে অসাড় হয়ে পড়ে থাকলে এবং বের হতে না পারলে তাকে উদ্ধার করতে একের পর এক আরও চারজন শিক্ষার্থী ট্যাংকের ভেতরে প্রবেশ করে। তবে বিষাক্ত গ্যাসের কারণে তারাও ভেতরে আটকা পড়ে যায়।

পরবর্তীতে উপস্থিতি আশপাশের লোকজন বিষাক্ত পরিবেশ থেকে পাঁচজনকেই উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা চার শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবার বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ জব্দ করে তল্লাশি ও প্রাথমিক তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মথুরার এসএসপি কুমার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মথুরার জেলা ম্যাজিস্ট্রেট জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির যথাযথ প্রশাসনিক ও ফায়ার লাইসেন্স ছিল কি না এবং কোন্ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দিয়ে ঝুকিপূর্ণ পানির ট্যাংক পরিষ্কার করানো হচ্ছিল—তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের ম্যাজিস্ট্রেট বিচারিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় অন্যান্য আবাসিক প্রতিষ্ঠানের ভবন নিরাপত্তা ও ব্যবস্থাপনা অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিআর