Image description

ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪.৯ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে সংঘটিত এই ভূকম্পনের প্রভাবে রাজধানী দিল্লি ও এর আশপাশের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) কেঁপে ওঠে।

ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনসিএস) রাত ১০টা ৪০ মিনিটে তথ্যটি নিশ্চিত করে এক এক্স বারতায় জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৩ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক অধিবাসী জানান, রাতে বসার ঘরের সোফা কেঁপে উঠতে দেখে তিনি তাৎক্ষণিক কম্পনটি টের পান।

এদিকে ভূমিকম্পটি মৃদু বা মাঝারি মাত্রার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্যবহারকারীদের অনেকে হাস্যরসাত্মক পোস্ট, জনপ্রিয় টিভি শো ও ‘পঞ্চায়েত’ সিরিজের মিম বা জিআইএফ শেয়ার করতে শুরু করেন। একজন ব্যবহারকারী পরিহাস করে লেখেন, "ভূমিকম্পের মাত্রা ৫.০-এর নিচে হলে দিল্লির মানুষের প্রতিক্রিয়া এমনই হয়।"