Image description

সিলেট নগরীতে চুরির অভিযোগে ১৬ বছরের এক কিশোরীর কোমরে লোহার শিকল বেঁধে সড়কে টেনে-হিঁচড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিন (৪৫)। মঙ্গলবার রাতে উপশহর এলাকায় অভিযান চালিয়ে শাহপরাণ থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপশহরের একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগে কয়েকজন ব্যবসায়ী কিশোরীকে আটক করেন। পরে তাকে মারধর করে কোমরে লোহার শিকল বেঁধে সড়কে টেনে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। তার বিরুদ্ধে চুরির অভিযোগে ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, কিশোরী নির্যাতন ও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলেছেন, কোনো অপরাধের অভিযোগ থাকলেও কাউকে নির্যাতন বা জনসমক্ষে অপমান করার অধিকার কারও নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।

এসএস