কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে অসুস্থ মাকে দেখতে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তির আবেদন করেছে তাঁর পরিবার। বুধবার চট্টগ্রামের জেলা প্রশাসক ও কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আবেদন করেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর।
তবে অসুস্থ স্বজনকে দেখতে প্যারোলে মুক্তির কোনো সুযোগ নেই বলে পরিবারকে জানিয়েছে প্রশাসন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, স্বজন মারা গেলে প্যারোলে মুক্তির বিধান থাকলেও অসুস্থ স্বজনকে দেখতে এ ধরনের সুযোগ নেই।
চিন্ময়ের ভাই জানান, তাঁদের ৭১ বছর বয়সী মা সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। মা শেষবারের মতো চিন্ময়কে দেখতে চাওয়ায় প্যারোলের আবেদন করা হয়েছে।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত-সংলগ্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এসএস




Comments