Image description

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনের বিরুদ্ধাচরণ নয়, বরং শিক্ষার্থীদের ‘কোটা আন্দোলনের’ পক্ষেই অবস্থান নিয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক—এমনটি দাবি করেছেন তাঁর আইনিজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার শুনানি শেষে গণমাধ্যমের কাছে এ দাবি জানান তিনি।

আদালতে পলকের জামিন আবেদন ও আইনি প্রক্রিয়ার বিবরণ দিয়ে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, সংশ্লিষ্ট মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) জুনাইদ আহমেদ পলকের নাম উল্লেখ ছিল না। পরবর্তীতে তাঁকে এই মামলায় অসৎ উদ্দেশ্যে জড়িত করা হয়েছে।

তিনি ব্রিফিংয়ে আরও দাবি করেন, সাবেক প্রতিমন্ত্রী পলক এই হত্যা মামলায় সম্পূর্ণ নির্দোষ। ছাত্র আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের পক্ষেই অবস্থান নিয়েছিলেন।

তবে আসামিপক্ষের আইনজীবীর এসব বক্তব্যের বিষয়ে রাষ্ট্রপক্ষ কিংবা আদালত থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুরো বিষয়টি পরবর্তীতে স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা।

ডিআর