কুমিল্লায় মোটরসাইকেল ছাড়াতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার
কুমিল্লা নগরীতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রভাব খাটানোর সময় রাসেল হোসেন নামে এক প্রতারককে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডাম্পিংয়ে থাকা নিজের মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ট্রাফিক পুলিশ কার্যালয়ে তিনি এই কাণ্ড ঘটান। তল্লাশিকালে তার মোবাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি পুলিশের ভুয়া ছবি ও নকল আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) নগরীর শাসনগাছা এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেল থামার সংকেত দেয়। এ সময় চালক রাসেল নিজেকে সিআইডি কর্মকর্তা বলে দাবি করেন। তবে গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্রাফিক সার্জেন্ট নিয়মমাফিক মোটরসাইকেলটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠান।
পরদিন রবিবার (২৫ অক্টোবর) সকালের দিকে রাসেলের ডাম্পিং করা মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান এবং সেখানে পুনরায় নিজেকে সিআইডির কর্মকর্তা হিসেবে জাহির করেন। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) জানায়।
খবর পেয়ে ডিবির একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় ও কর্মস্থল যাচাই করে। জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়, তিনি সিআইডির কেউ নন; বরং দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
পরবর্তীতে তার মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে সিআইডির লোগো সংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তি ব্যবহার করে সিআইডির জ্যাকেট পরা একটি বিকৃত ছবি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাসেল ভুয়া পরিচয় ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন।
কুমিল্লা জেলা পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে।




Comments