Image description

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি বলেছেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তারা যত বেশি বই পড়বে, কবিতা পড়বে, আবৃত্তি করবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হবে, তত বেশি মুক্তচিন্তা, মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ হবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কচি কণ্ঠে কথার জাদু’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, শিশুরা সকালের সূর্যের মতো দীপ্তিমান। সাহিত্য ও শিল্পচর্চার আলোকে তাদের গড়ে তুলতে পারলে জাতি উন্নত ও দক্ষ মানবসম্পদ পাবে। মুক্তচিন্তা, মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ জাতি গঠনে শিল্প-সংস্কৃতিচর্চার অপরিসীম গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মন্ত্রী ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা।

এসএ