বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি সম্পন্ন হচ্ছে না। তিনি বলেন, “উনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, কিন্তু হাতে মাত্র দুই কার্যদিবস বাকি থাকায় চুক্তি এখনো সম্ভব নয়।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, প্রজেক্টটি ২০১৯ সালে শুরু হয়েছিল। গত মাসে চূড়ান্ত বোঝাপড়ার কাজ শুরু হয়েছে, যা এখনও চলমান। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন এবং এটি সম্পন্ন হতে আরও সময় লাগবে।
এরপরই নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা বাতিলের দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে, ফলে চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সকালে দেখা যায়, ৪ নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহনের চলাচল প্রায় বন্ধ, এবং প্রায় ২০০ কর্মচারীকে জরুরি সভায় হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, “সকাল ৮টা থেকে বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালীন কর্মবিরতি চলবে।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পরিষদের অন্যান্য দাবি:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার
আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল
শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সকল আইনি হয়রানি বন্ধ
মানবকণ্ঠ/আরআই




Comments