পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পর তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।
সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রথমে তাঁরা একান্তে কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুনরায় জিয়ারত করেন এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পিতামাতার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে যান। সেখানেও তিনি সহধর্মিণী ও দলীয় নেতাদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য কঠোর নিরাপত্তা ও প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments