সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এবার বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবটি এরই মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ব্যয় কমানোর লক্ষ্যে এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপসচিব থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৩০ লাখ টাকার সুদমুক্ত গাড়ি ঋণ কার্যক্রম স্থগিত করা হয়েছিল। ২০১৭ সাল থেকে চালু হওয়া এই বিশেষ সুবিধাটি স্থগিত করার পর এবার রক্ষণাবেক্ষণ ব্যয়ের ওপর এই নতুন সিদ্ধান্তের কথা জানা গেল।
কেবল গাড়ি সুবিধাই নয়, সরকারের কৃচ্ছ্রসাধন নীতির আওতায় নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি অর্থে বিদেশ সফর ও প্রশিক্ষণের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং জনকল্যাণমূলক কাজে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নিয়েছে সরকার।
মানবকণ্ঠ/ডিআর




Comments