আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা ‘জুলাই সনদের’ আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
আইন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলো ‘জুলাই সনদের’ আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন কর্তৃক মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমান সরকার ওই অধ্যাদেশগুলোর প্রায় সবগুলোই গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব আইন নিশ্চিত করা, যা জুলাই বিপ্লবের চেতনার সাথে সংগতিপূর্ণ।”
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের পর্যটন খাতে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকার একটি যুগোপযোগী মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের পর্যটন খাত আন্তর্জাতিক মানে উন্নীত হবে এবং জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে।”
এর আগে মন্ত্রীদ্বয় ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত পক্ষকালব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments