Image description

খুলনার পাইকগাছায় হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আইজুর রহমান জোয়াদ্দার (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পাইকগাছা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজ সংলগ্ন ফ্যান্টাসি গার্ডেনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আইজুর রহমান উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জোয়াদ্দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আইজুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সিজার হওয়া মেয়েকে দেখতে যান। সেখান থেকে কাজ শেষে নিজের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শিববাড়ী ব্রিজের ওপারে ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌঁছালে হঠাৎ তার মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলটি ঠেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘাতক মোটরসাইকেল চালক স্থানীয়দের ভিড়ের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রান্ত সরদার তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন মেয়েকে দেখে ফেরার পথে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘাতক মোটরসাইকেল চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মানবকণ্ঠ/ডিআর